রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ০৮:৫৯:২৩

বুখারি মুখস্থ করল ৬ বছরের বিস্ময় বালক হাফেজ মাসুম

বুখারি মুখস্থ করল ৬ বছরের বিস্ময় বালক হাফেজ মাসুম

ইসলাম ডেস্ক : মাত্র ৬ বছর ১ মাস ৩ দিন বয়সে মুখতাসার সহিহুল বুখারি হিফজ (মুখস্থ) করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বিস্ময় শিশু হাফেজ আহমাদ আবদুল্লাহ মাসুম। 

বুখারি শরিফের এ সংক্ষিপ্ত সংকলন মুখস্থ করতে তার সময় লেগেছে ১৪ মাস ১৫ দিন। হাফেজ আহমাদের এমন অসাধারণ অর্জনকে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশসহ বিশ্বব্যাপী বিরল ঘটনা হিসেবে উল্লেখ করছেন।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ (রা.)-এ তার এই হিফজ সম্পন্ন হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, হাফেজ আহমাদের শিক্ষক ছিলেন তার মা। অসীম ধৈর্য, আন্তরিকতা ও মমতায় তিনি ছেলেকে মুখতাসার সহিহুল বুখারি হিফজ করিয়েছেন। শুধু হাদিস মুখস্থই নয়, আহমাদ হাদিসগুলোর বাংলা অর্থও শিখেছে। গ্রন্থটিতে মোট ২ হাজার ১৭৫টি হাদিস রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি হারামাইন সফরেও অবস্থানকালে আহমাদ নিয়মিত হাদিস হিফজের চর্চা অব্যাহত রেখেছিল।

এর আগে ২০২৫ সালের ১৮ জানুয়ারি মাত্র সাড়ে চার বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করে দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসে আহমাদ। তখনও তার শিক্ষক ছিলেন তার মা। হাফেজ আহমাদের মা একজন আলেম ও পেশায় ফার্মাসিস্ট।

এ প্রসঙ্গে আহমাদের বাবা, খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা বলেন, মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহতায়ালা আমার সন্তানকে পবিত্র কুরআন হিফজের পর এবার শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ মুখতাসার সহিহুল বুখারি হিফজ করার তওফিক দান করেছেন-

আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানের এই অর্জন শুধু গর্বের নয়, এটি আমাদের জন্য বড় দায়িত্বও। আমরা চাই, আহমাদ একদিন বিশ্বজুড়ে ইসলামের আলো ছড়িয়ে দিক এবং মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠুক। দেশবাসীর কাছে আমরা তার জন্য দোয়া কামনা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে