ইসলাম ডেস্ক : আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার সবচেয়ে সুন্দর ও বরকতময় মাধ্যম হলো দরুদ শরিফ পাঠ করা। জবানকে সর্বদা দরুদের নূরে আলোকিত রাখা একজন মুমিনের সৌভাগ্যের প্রতীক। স্বয়ং মহান আল্লাহ ও তার ফেরেশতারা রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ পাঠ করেন এবং উম্মতকে এর প্রতি জোরালো তাগিদ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে—
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
‘নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর রহমত পাঠান। হে মুমিনগণ! তোমরাও তার ওপর দরুদ পাঠাও এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।’ (সুরা আল-আহজাব: আয়াত ৫৬)
দরুদ পাঠের ফজিলত সম্পর্কে বিশ্বনবী (সা.) উম্মতকে অশেষ সুসংবাদ দিয়েছেন। একবার দরুদ পাঠ করলে আল্লাহ বান্দার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মুছে ফেলেন এবং জান্নাতে তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দেন। প্রতিদিন সহজে পাঠ করার জন্য হাদিসের কিতাব থেকে সংগৃহীত ছোট ও চমৎকার ১০টি দরুদ শরিফ উচ্চারণ ও অর্থসহ নিচে তুলে ধরা হলো—
১. আল্লাহর নৈকট্য প্রার্থনার দরুদ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক্বআদাল মুক্বাররাবা ঈনদাকা ইয়াওমাল ক্বিয়ামাহ।’
অর্থ: ‘হে আল্লাহ! মুহাম্মদ (সা.)-এর প্রতি রহমত বর্ষণ করুন এবং কেয়ামত দিবসে তাকে সমাসীন করুন আপনার নৈকট্যপ্রাপ্ত আসনে।’ (তবারানি ৪৪৮০)
২. মুসলিম উম্মাহর জন্য রহমত ও শান্তির দরুদ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَصَلِّ عَلٰى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা, ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।’
অর্থ: ‘হে আল্লাহ! রহমত বর্ষণ করুন আপনার বান্দা ও রাসুল মুহাম্মদ (সা.)-এর প্রতি এবং সকল মুমিন ও মুসলিম নর-নারীর প্রতি।’ (ইবনে হিব্বান ৯০৩)
৩. নবীজির ওপর সংক্ষিপ্ত রহমতের দরুদ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّسَلِّمْ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া সাল্লিম।’
অর্থ: ‘হে আল্লাহ! মুহাম্মদ (সা.)-এর ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।’ (মুসনাদে আহমাদ ২৬৪১৬)
৪. তাশাহহুদ ও সালামের বরকতময় দরুদ
اَلسَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
উচ্চারণ: ‘আসসালামু আলাইকা আয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।’
অর্থ: ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে নবী! এবং বর্ষিত হোক আল্লাহর রহমত ও বরকত।’ (বুখারি ৮৩১)
৫. নবীজির (সা.) ওপর দরুদ ও সালামের সংক্ষিপ্ত রূপ
صَلَّى اللهُ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ
উচ্চারণ: ‘সাল্লাল্লাহু আলান্নাবিয়্যি মুহাম্মাদিন।’
অর্থ: ‘আল্লাহ রহমত বর্ষণ করুন নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি।’ (নাসাঈ: ১৭৪৬)
৬. নবীজি (সা.) ও তার পরিবারবর্গের বরকতের দরুদ
اَللّٰهُمَّ اجْعَلْ صَلَوَاتِكَ وَبَرَكَاتِكَ عَلٰى آلِ مُحَمَّدٍ، كَمَا جَعَلْتَهَا عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
উচ্চারণ: ‘আল্লাহুম্মাঝআল সালাতিকা ওয়া বারাকাতিকা আলা আ-লে মুহাম্মাদিন, কামা ঝাআলতাহা আলা আ-লে ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাঝিদ।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনার রহমত ও বরকত দান করুন মুহাম্মদ (সা.)-এর পরিবারবর্গকে, যেমন দান করেছেন ইবরাহিম (আ.)-এর পরিবারবর্গকে। আপনি নিঃসন্দেহে অতি প্রশংসিত, মহিয়ান।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা ৮৭২৬)
৭. পরিবারসহ নবীজির (সা.) ওপর শান্তি ও রহমতের দরুদ
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মাদিন ওয়া আলা আ-লি মুহাম্মাদ।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি রহমত ও প্রশান্তি অবতীর্ণ করুন মুহাম্মদ (সা.)-এর উপর এবং তার পরিবারবর্গের উপর।’ (আল-আজকার, নববি ১৭৭)
৮. নবীর (সা.) ওপর শান্তি বর্ষণের বিশেষ দরুদ
صَلّى اللهُ عَلٰى النَّبِيِّ وَسَلَّمَ
উচ্চারণ: ‘সাল্লাল্লাহু আলান্নাবিয়্যি ওয়া সাল্লাম।’
অর্থ: ‘রহমত ও শান্তি অবতীর্ণ হোক নবীজির (সা.) ওপর।’ (নাতাইজুল আফকার)
৯. ইবরাহিমি সালামের আদলে সংক্ষিপ্ত দরুদ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى آلِ إِبْرَاهِيْمَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আ-লি ইবরাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা আ-লি ইবরাহিম।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.)-এর উপর রহমত নাজিল করুন, যেমন রহমত নাজিল করেছেন ইবরাহিম (আ.)-এর পরিবারবর্গের উপর। হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.)-এর উপর বরকত নাজিল করুন, যেমন বরকত নাজিল করেছেন ইবরাহিম (আ.)-এর পরিবারবর্গের উপর। (নাসাঈ ৯৭৯৬)
১০. উম্মী নবীর (সা.) ওপর ভালোবাসার দরুদ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি।’
অর্থ: ‘হে আল্লাহ, আপনি উম্মী নবী মুহাম্মদ (সা.)-এর উপর রহমত বর্ষণ করুন।’ (আত-তারগিব ওয়াত-তারহিব)
ছোট এই দরুদ শরিফগুলো মুখস্থ রাখা এবং দৈনন্দিন জীবনে অবসর সময়ে জবানে জারি রাখা অত্যন্ত সহজ। জিকির ও দরুদের মাধ্যমে যেমন আল্লাহর অশেষ রহমত লাভ হয়, তেমনি কিয়ামতের কঠিন ময়দানে প্রিয় নবীজি (সা.)-এর শাফায়াত বা সুপারিশ পাওয়ার পথ সুগম হয়। আসুন, আমাদের মুখ ও হৃদয়কে সর্বদা দরুদ শরিফের সুবাসে সুরভিত রাখি।