রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৩৩:১৪

জামালপুরে বিএনপির কার্যালয়ে আগুন

জামালপুরে বিএনপির কার্যালয়ে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়িয়ে দেয়ারে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় নেতারা বলেন, ‘পোগলদিঘা ইউনিয়নের বিন্ন্যাফৈর নতুন বাজারে ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করা হতো। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে তিন দিন ধরে অফিসটি তালাবদ্ধ ছিল। শনিবার সকালে সুলতান ভূঁইয়া নামে এক ব্যক্তি ওই বাজারের একটি ফার্মেসিতে ওষুধ নিতে এসে দেখেন অফিস ঘরের বাইরের তালা খোলা। পরে দেখেন অফিসের ভেতরে থাকা ব্যানার, ফেস্টুন এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

খবর পেয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলা ও স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ ও পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন,​ ‘নিশ্চিতভাবেই এ ঘটনা বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা ঘটিয়েছেন। আমরা দলীয় সিদ্ধান্তের কারণে তাদের ছাড় দিচ্ছি বলেই তারা আজ দলীয় কার্যালয়ে আগুন দেয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ বিষয়ে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে