এমটিনিউজ২৪ ডেস্ক : কালবৈশাখীর তাণ্ডবে জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎহীন প্রায় এক লাখ মানুষ। বৃহস্পতিবার (২১ মে) সকালে কালবৈশাখী ঝড়ের পর থেকে উপজেলার অন্তত ৪০টি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা এখনো স্বাভাবিক হয়নি।
জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক এলাকায় বিদ্যুৎ না ফেরায় অন্ধকারে ডুবে ভোগান্তিতে প্রায় ১ লাখ মানুষ।
কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। মোবাইল চার্জ দিতে না পেরে যোগাযোগ বিচ্ছিন্ন। ফ্রিজের খাবারও নষ্ট হয়ে যাচ্ছে।
ভেলামারী এলাকার জিহাদ আহমেদ বলেন, টানা বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত। এতে যোগাযোগসহ দৈনন্দিন কাজে চরম সমস্যা হচ্ছে।
পৌরসভার বানীকুঞ্জ এলাকার আবু বক্কর সিদ্দিক বলেন, কালবৈশাখীর কারণে ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন রয়েছি। বিদ্যুৎ না থাকায় কষ্টের শেষ নেই।
খিলকাটি এলাকার সুবর্ণা আক্তার বলেন, ২৪ ঘণ্টা দিন ধরে বিদ্যুৎ নেই। মোবাইলের চার্জ ও নেটওয়ার্ক নেই। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ— দ্রুত যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার সকালের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ায় ৭টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতে মাঠপর্যায়ে কাজ চলছে।
তিনি জানান, কয়েকটি এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা গেলেও জনবল সংকটের কারণে মেরামতকাজ বিলম্বিত হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীরা গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন।