বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৩:২৩

ছেলেকে বাঁচাতে নিজের জীবন দিলেন 'মা'ও

ছেলেকে বাঁচাতে নিজের জীবন দিলেন 'মা'ও

এমটিনিউজ২৪ ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন-সংলগ্ন চুকাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চুকাইবাড়ী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী লাকি আক্তার ও তার ছেলে রাজু। এ সময় তাদের বাঁচাতে গিয়ে আহত দাদি বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় একটি বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে গিয়ে রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যান মা লাকী আক্তার। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে নাতি ও পুত্রবধূকে বিপদে পড়তে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান বুলি বেগম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রাজু উপজেলার পুরাতন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে।

এদিকে একই দিন বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব। সে দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ক্লাসের বিরতির সময় বই শ্রেণিকক্ষে রেখে বাইরে খেলতে যায় তায়িব। পরে ছুটির পর বই আনতে গিয়ে ভবনের ছাদসংলগ্ন স্থানে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে