রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০১:৩৪:১৪

অভিনব কৌশলে অপহরণ

অভিনব কৌশলে অপহরণ

শফিকুল বারী : পৃথিবীর জঘন্যতম অপরাধের মধ্যে অপহরণ একটি। রাজধানীসহ সারাদেশে অপরহণের ঘটনা দিন দিন বেড়েই চলছে। অপরহণকারীরা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরো কৌশলী হচ্ছে অপরাধীরা। মোটা অঙ্কের টাকার লোভে এখন নিত্যনতুন কৌশল উদ্ভাবন করেছে এসব অপরাধী। কোনো কোনো সময় অপহরণের পর অপহৃতকে হত্যার ঘটনাও ঘটছে। ইদানীং তাদের নতুন কৌশল বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালার সন্তান বা স্বজনদের অপহরণ করা। সম্প্রতি বাড়ি ভাড়া নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার বাড়িওয়ালাদের টার্গেট করে তাদের সন্তানকে অপহরণ করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করছে অপহরণকারীরা। অপরাধীরা আগে টাকা পেলে অপহৃতকে ছেড়ে দিত। তবে এখন টাকা না পেলে ভিকটিমের ওপর যেভাবে নির্যাতন করছে, টাকা পেলেও ঠিক তেমনই করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের এমনই অভিমত। সংশ্লিষ্ট সূত্র জানায়, অপহরণকারী চক্রের সদস্যরা এখন পরিকল্পনা করে অপহরণের টার্গেট নিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকছে। স্বাভাবিকভাবেই তারা সবার সঙ্গে মিলেমিশে চলাফেরা করছে, যাতে কেউ তাদের সন্দেহ করতে না পারে। এভাবে কিছুদিন চলার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাড়িওয়ালার সন্তান বা স্বজনকে কৌশলে অপহরণ করছে। অপহৃতকে নির্ধারিত স্থানে নিয়ে মুক্তিপণ দাবি করছে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিছু না জানানোর জন্য ভিকটিমের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। এমন একটি চক্র সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জালে ধরা পড়েছে। র‌্যাব এ চক্রের কাছ থেকে রাজধানীর দক্ষিণখান এলাকার এক বাড়িওয়ালার অপহৃত সন্তানকে উদ্ধার করেছে। র‌্যাব-১-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ প্রতিবেদককে জানান, রাজধানীর দক্ষিণখানের কাজী সুলতানের বাড়ি ভাড়া নেয় রানা নামের এক যুবক। রানা পরিবার নিয়ে ওই বাড়িতে থাকত। গত ১৪ সেপ্টেম্বর সকালে রানা ও তার স্ত্রী মারুফা খাতুন বাড়িওয়ালার ছেলে প্রহরকে (৪) ফুসলিয়ে তাদের বাসায় নিয়ে আসে। সেখান থেকে মূল অপহরণকারী রানা তার বাবা-মার হাতে বাড়িওয়ালার ছেলে প্রহরকে তুলে দেয়। একই সঙ্গে তাদের নিজ সন্তান জিলানিকে তার দাদা-দাদির কাছে দেয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সন্দেহ না করে। পরে রানার বাবা-মা ওই শিশুর দাদা-দাদির পরিচয়ে অপহরণ করে ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে নিয়ে যায়। সেখান থেকে তারা বাড়িওয়ালা সুলতানের কাছে বার বার ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং এই টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। এদিকে অপহরণকারী রানাও বাড়িওয়ালার সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করে যে, তার ছেলেকেও অপহরণ করা হয়েছে। প্রহরের বাবা কাজী সুলতান অপহরণের ঘটনাটি র‌্যাব-১-এ জানায়। পরে র‌্যাব-১-এর একটি অনুসন্ধান দল প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয় যে রানা, তার স্ত্রী, রানার বাবা ও মা এ অপহরণের সঙ্গে জড়িত। পরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে অপহৃতকে উদ্ধার করে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত রানার স্ত্রী মারুফা খাতুন ও আমজাদ হোসেন র‌্যাবের হাতে আটক হওয়ার পর অপহরণের সত্যতা স্বীকার করে। পরে রানার বাসায় অভিযান চালিয়ে দেখা যায়, মুক্তিপণের টাকা পাঠানোর জন্য যে বিকাশ নম্বর দেয়া হয়েছিল সেটি রানার নামে রেজিস্ট্রেশন করা। এছাড়া রানার বিরুদ্ধে তিনটি ছিনতাই ও চাঁদাবাজির মামলার কাগজপত্র পাওয়া যায়। মূল হোতা রানাসহ তারা এতই অমানবিক যে, র‌্যাবের তৎপরতা টের পেয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের পাশে এক মুচির কাছে তার নিজের ৩ বছর বয়সী ছেলে জিলানীসহ অপহৃত প্রহরকে ফেলে পালিয়ে যায়। পরে র‌্যাব শিশু দুটিকে উদ্ধার করে। এ ধরনের অপহরণের ঘটনা সম্প্রতি বেশ বেড়ে গেছে। অপহরণকারী চক্রগুলো সব সময় ফাঁদ পেতে থাকে। সুযোগ বুঝেই তারা এসব কার্যক্রম চালায়। গত ৫ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার এনামুল হকের ঘর ভাড়া নেয়ার একদিন পর তার ছেলে মেহেরাজকে (৫) অপহরণের অভিযোগ ওঠে ভাড়াটিয়া পলাশের বিরুদ্ধে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পলাশ গ্রেফতার হলে ঘটনা জানা যায়। ওইদিন বিকেলে পাশের দোকানে চকোলেট কিনে দেয়ার কথা বলে শিশুটিকে অপহরণ করে পলাশ। সেদিনেই শিশুটির বাবা এনামুল হক আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরের দিন রোববার বিকেলে পলাশ ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলেও অভিযোগ করেন এনামুল। এর আগে গত ৭ জুন ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া এলাকার ভাড়াটিয়া স্বামী-স্ত্রী বেড়ানোর কথা বলে বাসার মালিকের দুই মেয়েসহ তিন শিশুকে অপহরণ করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় সন্ধ্যা ৭টার দিকে তাদের ধামরাইয়ের মহিষাশী বাজার থেকে উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা সদরের ডাউটিয়া গ্রামের সুমন ও তার স্ত্রী লিপি কাওয়ালিপাড়া বাজার এলাকায় আওয়াল মিয়ার বাসায় ভাড়া ওঠে। বাসায় ওঠার পর সুমন পূর্বপরিকল্পনা অনুযায়ী, বাড়ির মালিকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। গত ৭ জুন বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে সুমন ও লিপি তাদের বাড়ির মালিকের মেয়ে আশা (১০) ও আরিফা (৫) এবং পাশের রুমের অপর ভাড়াটিয়া আলী হোসেনের মেয়ে আঁখিকে (১১) সঙ্গে নিয়ে যায়। কয়েক ঘণ্টা ঘোরাফেরার পর মহিষাশী বাজার এলাকা থেকে ওই শিশুদের গাড়িতে ওঠানোর চেষ্টা করলে আরিফা কান্নাকাটি শুরু করে। সন্দেহ হলে স্থানীয়রা জড়ো হতে থাকেন। পরিস্থিতি খারাপ দেখে সুমন ও লিপি দম্পতি পালিয়ে যায়। ১৩ সেপ্টেম্বর রাতে দারুস সালাম থানার গাবতলীর আন্তঃজেলা বাস টার্মিনালের পূর্বপাশে সাইফুল ইসলামের মোটর গ্যারেজ থেকে শাহাদাত হোসেন (২৭) নামের এক অপহৃতকে উদ্ধার করে র‌্যাব। এর আগে ২৫ আগস্ট সাভারে দুই ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হাত-পা বেঁধে ধলেশ্বরী নদীতে ফেলে হত্যা করে অপহরণকারীরা। নিহতরা হলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মুনসের আলী ও মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের ছাত্র মনির হোসেন। এ ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে সাভার থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, ঢাকা সিটিতে অপহরণের ঘটনা তেমন ঘটেনি। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে মনে করি। কোনো অপহরণের ঘটনা ঘটলে ভিকটিমের পরিবার যথাসময়ে পুলিশকে তথ্য দিলে অপরাধীদের ধরতে সহজ হয়। এছাড়া বাড়ি ভাড়া দেয়ার সময় ভাড়াটিয়ার সম্পর্কে খোঁজখবর নিয়ে তার জাতীয় পরিচয়পত্র ও ভাড়াটিয়ার ছবিসহ চুক্তিপত্রের একটি অনুলিপি সংশ্লিষ্ট থানায় জমা দিতে তিনি পরামর্শ দেন। জনসাধারণের নিরাপত্তা দিতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই প্রতিবেদককে বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের রহস্যোদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোনো ধরনের অপহরণ ও জিম্মি করে অর্থ দাবিসংক্রান্ত অপরাধ প্রতিরোধ, অপহরণকারী চক্রকে শনাক্ত ও গ্রেফতারসহ অপহৃতদের উদ্ধারে সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি যেসব অপহরণ হয়েছে তাতে দেখা গেছে অপহরণের পর মেরে ফেলার প্রবণতা কমে গেছে। শুধু মুক্তিপণের জন্যই অপহরণ করা হচ্ছে। আবার অনেকে ভয়ে আমাদের জানান না, নিজেরাই দুর্বৃত্তদের সঙ্গে আপস করছেন। আমাদের জানালে আমরা অবশ্যই তাদের সাহায্য করব। এ বিষয়ে র‌্যাব সব সময় সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে।-মানবকণ্ঠ ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে