এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) এ ইশতেহার ঘোষণার কথা ছিল।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়, অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না।
জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই মূলত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।
স্থগিত হওয়া এ অনুষ্ঠানের পরবর্তী সময় ও তারিখ কবে নির্ধারণ করা হবে, তা রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদী যাবেন জামায়াত আমির।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর তিনি শেরপুর ও জামালপুরে ২টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে নির্বাচনী জনসভা ও দুপুর সাড়ে ১২টা জামালপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।
সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করবেন তিনি।