এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় কারা জড়িত থাকতে পারে—সে বিষয়ে বক্তব্য দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা সেখান থেকে কয়েকটি আপত্তিকর পোস্ট দেয়, যা জামায়াতের চিন্তা ও আদর্শের সম্পূর্ণ বাইরে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, যারা ঘটনার পরপরই তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করেছে, তারাই এই হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই চক্রান্ত করা হয়েছে। এটি দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। পরে বিকাল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। হ্যাকড অবস্থায় যেসব পোস্ট দেওয়া হয়েছিল, সেগুলোর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।