এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিপ্রত্যাশীদের সুখবর দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সরকারি চাকরিতে বয়সসীমা তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ইশতেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনানীর হোটেল শেরাটনে এ ইশতেহার ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে বলা হয়েছে, সরকারি চাকরির আবেদনের জন্য ফি নেওয়ার যে রীতি আছে, জামায়াত ক্ষমতায় এলে তা বাতিল করা হবে। সরকারি চাকরিতে বয়সসীমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ‘ভিশন : সবার আগে যুবসমাজ’ অংশে। এর ১০ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, যোগ্যরাই সরকারি চাকরিতে, বয়স কোনো বাধা নয়- এ নীতি অনুসরণ করা হবে।
উল্লেখ্য, সরকার পরিচালনায় জামায়াতের ২৬টি অগ্রাধিকার এই ইশতেহারে তুলে ধরা হয়েছে। ইশতেহারের প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় ভাগে আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হয়।
এছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লবের রূপরেখা ইশতেহারের বিভিন্ন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও শিশু নিরাপত্তা, সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
জামায়াত জানায়, ‘জনতার ইশতেহার’ তৈরিতে অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে পাওয়া ৩৭ লাখের বেশি জনমতের প্রতিফলন রাখা হয়েছে। দলটির দাবি, জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের প্রয়োজনকে সামনে রেখেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।