বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৩:২১

নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলামও ইসলাম নয় : আসাদুজ্জামান

নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলামও ইসলাম নয় : আসাদুজ্জামান

এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতের ইসলামও ইসলাম নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে- এমন কথা বলে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বেহেস্তের টিকিট বিক্রির নামে ভোট চাওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই- এটা শিরক, ইসলামবিরোধী কথা এবং আমাদের নির্বাচন আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন।

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, যদি জনগণের ভোটে তিনি নির্বাচিত হন, তবে তার প্রথম অঙ্গীকার হবে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সব পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারীদের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক মেয়র খলিলুর রহমান, নজরুল ইসলাম জোয়াদ্দার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু মুসা ও রাজু আহমেদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে