এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে স্বর্ণ ও রপার বাজারে চলছে চরম অস্থিরতা। হঠাৎ করেই দাম উঠে যাচ্ছে রেকর্ড উচ্চতায়; আবার হঠাৎ করেই দেখা দিচ্ছে বড় পতন। এতে মূল্যবান এসব ধাতু কিনতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
তবে বিয়ে-শাদি, জন্মদিন কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনেকেরই প্রয়োজন পড়ে স্বর্ণ ও রুপার গহনার। অনেকে আবার শখের বসেও কেনেন। কেউ কেউ আবার কেনেন প্রিয়জনকে উপহার দেয়ার জন্য।
এই পরিস্থিতিতে অনেকেই বিদেশ থেকে ফেরার সময় স্বর্ণ ও রুপার গহনা আনেন। কিংবা বিদেশে থাকা আত্মীয়-স্বজন মাধ্যমে নিয়ে আসেন। তবে বিদেশ থেকে স্বর্ণ ও রুপা আনার ক্ষেত্রে দেশে কিছু নিয়ম-কানুন রয়েছে।
বর্তমানে বিদেশ থেকে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ ও রুপার গহনা আনলে কোনো শুল্ক-কর দিতে হয় না। আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণ ও রুপার অলংকার বা স্বর্ণ ও রুপার বার দেশে আনার সুযোগ রয়েছে।
কতটুকু স্বর্ণ ও রুপা আনতে পারবেন?
অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় চলতি অর্থবছর থেকে স্বর্ণ ও রুপার অলংকার বা স্বর্ণ ও রুপার বার দেশে আনায় সুবিধা বাড়ানো হয়েছে। নতুন বিধিমালায় বলা হয়েছে, একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক, সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম ওজনের রুপার অলংকার (যেখানে একই ধরনের অলংকার ১২টির বেশি নয়) ঘোষণা দেয়ার মাধ্যমে এবং সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়াই প্রতি বছর ১ বার আমদানি করতে পারবেন।
শুল্ক দিয়ে স্বর্ণ ও রুপা কীভাবে আনবেন?
শুল্ক দিয়েও স্বর্ণ ও রুপা দেশে আনতে পারবেন। নতুন ব্যাগেজ রুলস অনুসারে, একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় ঘোষণা দিয়ে অনধিক ১১৭ গ্রাম বা ১০ তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা ২৩৪ গ্রাম বা ২০ তোলা ওজনের রুপার বার বা রুপারপিন্ড সব ধরনের শুল্ক ও কর পরিশোধ করে প্রতি বছর ১ বার আনতে পারবেন।
এক্ষেত্রে, প্রতি ১১.৬৬৪ গ্রামে যথাক্রমে ৫ হাজার টাকা ও ৬ টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলা ওজনের একটি স্বর্ণের বার ও ২৩৪ গ্রাম বা ২০ তোলা ওজনের রুপার বার আনতে পারবেন।
তবে উল্লিখিত পরিমাণের অতিরিক্ত যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা রুপার বার বা রুপারপিন্ড আনলে বা যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা রুপার বার বা রুপারপিন্ড লুকায়িত অবস্থায় আনলে, সেটি আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে।
শুল্ক দিয়ে স্বর্ণ ও রুপা আনতে বিদেশফেরত যাত্রীরা বিমানবন্দর গিয়ে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করবেন। এই ফরমে নিজের নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, জাতীয়তা, কোন দেশ থেকে এসেছেন এবং শুল্ক দিতে হবে এমন কোনো পণ্যের বিবরণ দিতে হবে।
যদি আপনার কাছে ১০০ গ্রাম স্বর্ণের গয়না বা ২০০ গ্রাম রুপার অলংকারের কম থাকে, তাহলে ফরম পূরণ করতে হবে না। সরাসরি গ্রিন চ্যানেল দিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে যেতে পারবেন।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। আর ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়।