বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৬:৪১

জামায়াত আমিরের ক্ষমতার বলি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার : ছাত্রদল সভাপতি

জামায়াত আমিরের ক্ষমতার বলি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার : ছাত্রদল সভাপতি

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘জামায়াত আমিরের ক্ষমতার বলি’ হিসেবে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।

পোস্টে তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই সহকারী প্রোগ্রামারকে তার বাসা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৫ ঘণ্টা পার হলেও তাকে এখনো কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি, যা সংবিধান ও ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) স্পষ্ট লঙ্ঘন।

ছাত্রদল সভাপতি বলেন, রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা আইনবিরোধী। অথচ একজন নিম্নপদস্থ চাকরিজীবীকে বেআইনিভাবে আটক রেখে তাকে হয়রানি করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে। যেহেতু তাকে আইনবহির্ভূতভাবে আটক রাখা হয়েছে, সেহেতু আইনের বিধান অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উচিত ওই সহকারী প্রোগ্রামারকে জামিনে মুক্তি দেওয়া।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক করার' অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতের পর বঙ্গভবনের এই প্রোগ্রামারকে ডিবি হেফাজতে নেওয়ার তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, তাকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে জামায়াত আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে ‘নারী বিদ্বেষী’ এক পোস্ট ঘিরে দিন দুয়েক আগে ভোটের প্রচারণার মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে শনিবার (২৮ জানুয়ারি) রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে বিক্ষোভ ও বাদ-প্রতিবাদের মধ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়। এরপর ওই দিন রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারকে আটক করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে