এমটিনিউজ২৪ ডেস্ক : আমি দিনাজপুরের নাতি, বহু বছর পর নানিবাড়ি আসছি। নানিবাড়িতে আসছি, কিছু তো খাওয়ালেন না আপনারা। তাহলে একটা জিনিস দিতে হবে আপনাদের। আমাকে ধানের শীষে ভোট দিতে হবে।
শনিবার ( ৭ ফেব্রুয়ারি ) বিকেল পৌনে ৪টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় এ আবদার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দিনাজপুরকে সারাদেশ ও বিশ্ব চিনে কৃষিপ্রধান এলাকা হিসেবে। এই এলাকার বিখ্যাত লিচুকে সবাই চিনে। আমরা এই কৃষি প্রধান অঞ্চলকে কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে চাই। এই এলাকার বিখ্যাত লিচু প্রক্রিয়াজাতের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে চাই। লিচু সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করা হবে। যাতে লিচু বিদেশে রপ্তানি করতে পারি। দিনাজপুরে উৎপাদিত আম প্রক্রিয়াজাত করণের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে দিনাজপুরে আনা হবে।
তারেক রহমান বলেন, বাংলাদেশে আমার ভাইয়েরা রাস্তায় নিরাপদে থাকতে পারবে, চাকুরি করতে পারবে, বসবাস করতে পারবে, নিশ্চিতে রাতে ঘুমাতে পারবে। বাংলাদেশের মুসলমান, হিন্দু, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান যেই হই, আমাদের বিচার করা হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। আমাদের পরিচয়, আমাদের ধর্ম নয়। আমাদের পরিচয় আমাদের জাতে। আমাদের পরিচয় হবে মেধা দিয়ে। আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এই রকম একটি বাংলাদেশ গড়তে চাই।
তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশের জন্য ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন। জুলাই যোদ্ধারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা আন্দোলন করেছি, গণতন্ত্র উদ্ধার করতে। গণতন্ত্র উদ্ধারের পথ ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা।
তিনি আরও বলেন, আজ নির্বাচনী জনসভায় আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। তাতে কি জনগনের উপকার হবে? জনগণের কোন উপকার হবে না। জনগণের তখনই উপকার হবে যখন একটি রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারব।
বক্তব্য শেষে তারেক রহমান বলেন, আমরা যদি পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ৬টি আসনের সংসদ সদস্য প্রার্থীসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।