এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ সেনাবাহিনীর বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায়ে কাজ করছে। নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্য বাহিনীকে সহায়তা প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ সেনাবাহিনী কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না।
তিনি বলেন, সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা- যাতে সবাই নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
এ সময় বরিশালে শহর এলাকায় সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আছে বলে জানান সেনা কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন পুলিশ ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত আছে।
এ সময় তারা গণমাধ্যম কর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।