এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দীর্ঘ ৫০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে।
সোমবার বিকেল থেকে সাভার-আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুর এলাকার সড়ক ও মহাসড়কে শ্রমিকদের বাড়ি যাওয়ার চাপে দেখা দেয় ভয়াবহ যানজট।
সরেজমিনে দেখা যায়, হেমায়েতপুর, আশুলিয়া, বিশমাইল, নবীনগর, বাইপাইল, টঙ্গী ও শ্রীপুরের বিভিন্ন বাসস্ট্যান্ডে শ্রমিকদের দীর্ঘ সারি। অনেককে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছুটি উপলক্ষে এ যাত্রা অনেকটাই ঈদের সময়ের ভিড়ের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে।
অতিরিক্ত যাত্রী চাপের সুযোগে কিছু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ করেন শ্রমিকরা। তবুও ভোটের আগে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার তাগিদেই তারা ঝুঁকি নিয়ে যাত্রা করছেন বলে জানান।
একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক শিল্পাঞ্চল ছাড়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে বাইপাইল-চন্দ্রা, টঙ্গী স্টেশন রোড ও শ্রীপুর সংযোগ সড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানচালকেরা।
যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ছুটির শেষ দিনগুলোতে সমন্বিত ব্যবস্থাপনা না থাকলে শিল্পাঞ্চলকেন্দ্রিক সড়কগুলোতে যানজটের মাত্রা আরও বাড়তে পারে।