মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:২৩:৫০

'তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী'

'তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী'

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোটের মাঠে যে রাজনৈতিক হাওয়া বইছে, তাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ভোটের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেই সংসদই আগামী পাঁচ বছর দেশের আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেবে। সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, দেশে কোথায় উন্নয়ন হবে, কীভাবে উন্নয়ন হবে এই সিদ্ধান্ত নেয় সরকার। সরকার যদি জনগণের পক্ষে না থাকে, তাহলে উন্নয়ন সম্ভব নয়। আজ বাংলাদেশে যে রাজনৈতিক হাওয়া আমরা পাচ্ছি, তাতে স্পষ্ট- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ।

এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আজ নৌকা নেই, আছে দাঁড়িপাল্লা। রাজনৈতিক দল থাকতেই পারে, এতে আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন- ১৯৭১ সালে যখন ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছেন, দুই লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট হয়েছে, তখন জামায়াত কোথায় ছিল?

জামায়াতের উদ্দেশে তিনি আরও বলেন, তখন তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে। তারা স্বাধীনতার পক্ষে ছিল না। সুতরাং সেই দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় না, তাদের সরকার হতে দেওয়া যায় না।

মির্জা ফখরুল বলেন, দেশকে বাঁচাতে হলে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে হলে ভোট দিতে হবে ধানের শীষে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে