এমটিনিউজ২৪ ডেস্ক : নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনার মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
গণসংযোগের শুরুতে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন পাটোয়ারী। সেখানে তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল। এনসিপি ও জামায়াত উভয় দলই দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সহাবস্থানে থেকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
জিয়ারত শেষে তিনি শাহবাগ এলাকায় গিয়ে ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটোয়ারীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।