বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৩:০৫

টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটককে ‘সাজানো নাটক’ বলল জামায়াত

টাকাসহ জেলা জামায়াতের আমিরের আটককে ‘সাজানো নাটক’ বলল জামায়াত

এমটিনিউজ২৪ ডেস্ক : ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্ধকোটি টাকা সহ আটক করার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ঠাকুরগাঁও জামায়াতের আমির একজন ব্যবসায়ী এবং এমন ঘটনা একটি নিরাপদ জায়গায়, যেমন এয়ারপোর্টে সাজানো হতে পারে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব আরও বলেন, জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, একদল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছে এবং জনগণ যেন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে যেতে না পারে, এজন্য নানা চক্রান্ত চলছে। গতকাল (মঙ্গলবার) তাদের আমিরের নির্বাচনি এলাকায় বুথ ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে জামায়াতের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের এজেন্টদের সরিয়ে দেওয়া এবং হামলা করা হচ্ছে। এহসানুল মাহবুব আরও বলেন, প্রশাসনের কিছু অংশ একদিকে ঝুঁকে পড়েছে বলে তাদের ধারণা। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ আচরণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ইচ্ছাকৃতভাবে এ ধরনের নাটক সাজানো হচ্ছে।

এর আগে বেলা ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করে। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ।

জামায়াত মুখপাত্র জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।    

এর আগে বুধবার বেলা ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, মাওলানা বেলাল উদ্দিন আজ দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগটি সবার উপস্থিতিতে খোলা হবে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। 

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে।

আটক বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে