শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২২:২৭

জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংবাদ সম্মেলনে ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। এবার দেশ গড়ার পালা-সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণ বিএনপিকে বিপুল সমর্থন দিয়ে দায়িত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিদান দিতে দল ও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিজয় উদযাপনে শান্ত ও সংযত থাকার জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকার ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ নেবে।

এদিকে ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া দলটির শরিকরা পেয়েছে আরও ৩টি আসন।

বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে