এমটিনিউজ২৪ ডেস্ক : তবে কী ড. এহছানুল হক মিলন হচ্ছেন পরবর্তী শিক্ষামন্ত্রী? চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ধানের শীষ প্রতীকের বিজয়ী ড. এহছানুল হক মিলন ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য প্রকাশ করেন।
ড. মিলনের পরিকল্পনা অনুযায়ী, আগামী শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর পাঠদান, স্মার্ট ক্লাসরুম, অনলাইন লার্নিং এবং স্কিল-বেইজড ট্রেনিং শিক্ষার মূল ভিত্তি হবে। তার লক্ষ্য হলো দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা, যাতে তারা দেশীয় ও বৈশ্বিক কর্মক্ষেত্রে সমানভাবে অবদান রাখতে পারে।
ড. মিলন জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক, দক্ষতা নির্ভর ও প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষাব্যবস্থাই গড়বে সবার আগে বাংলাদেশ।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ড. এহছানুল হক মিলন। পরবর্তীতে তিনি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তার সময়ে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নকলবিরোধী কঠোর অভিযান চালানো হয়। এই সাহসী পদক্ষেপের কারণে পরীক্ষার হলে নকলের হার উল্লেখযোগ্যভাবে কমে আসে। এছাড়াও তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।