এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার(১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে দেওয়া পোস্টে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।
এর আগে, ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরে জামায়াত আয়োজিত এক কনভেনশনে দলটির আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনের মধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামি সর্বোচ্চ ৬৮টি আসন লাভ করেছে। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, এবং খেলাফত মজলিস ১টি আসন।