বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩১:৫৪

এবার টানা ৩৯ দিনের ছুটি

এবার টানা ৩৯ দিনের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। টানা এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করা হয়েছে। এতে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে।

এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক দিনের সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে এই বিরতি আরও দীর্ঘ হবে। ফলে শিক্ষার্থীরা আগামী ২৯ মার্চ, রোববার থেকে আবার শ্রেণিকক্ষে ফিরবে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ কার্যক্রমও শুরু হবে ২৯ মার্চ থেকে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিনের ছুটি থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে