এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেট অঞ্চলের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে প্রায় ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়।
মাত্রা তুলনামূলকভাবে কম হলেও ভূমিকম্পটির কম্পন বেশ বিস্তৃত এলাকায় অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে সর্বশেষ পাওয়া খবরে, এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।