এমটিনিউজ২৪ ডেস্ক : স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চবিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/শিক্ষিকাগণের বদলির ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার’-এর মাধ্যমে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা ২০২৬’ প্রণয়ন করা হলো।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম নিয়ে নতুন অগ্রগতি হয়েছে। সে অনুযায়ী চলতি মাস থেকেই শিক্ষকদের তথ্য সংগ্রহ শুরুর পরিকল্পনা রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যারের ডেমো গত সপ্তাহেই চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে কিছু কারণে সেটি হয়নি। চলতি সপ্তাহে আবারও ডেমো প্রদর্শনী করা হবে। এরপর চূড়ান্ত অনুমোদন পেলে বিজ্ঞপ্তি জারি করবে মাউশি।
মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনীর সভার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল রোববার সভার তারিখ জানা যেতে পারে। আমরা আশা করছি চলতি সপ্তাহে সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।
পরে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয়। তবে সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত না হওয়ায় পুনরায় ডেমো দেখানোর সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।