রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৮:৪৬

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেশের তিন বিভাগে

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেশের তিন বিভাগে

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ রবিবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রবিবার(২২ ফেব্রুয়ারি) তাপমাত্রা বাড়ার কোনো আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আবহাওয়া খানিকটা শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে, আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর মঙ্গলবারও রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধবার সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে