মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫০:৪৩

দুইদিন আগে হাতকড়া পরে মায়ের জানাজায়, বাবাকেও হারালেন সেই দুই ভাই

দুইদিন আগে হাতকড়া পরে মায়ের জানাজায়, বাবাকেও হারালেন সেই দুই ভাই

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের রামুতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেওয়া সেই দুই ভাইয়ের বাবা নূর আহমদও (৯০) মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এর মাত্র দুই দিন আগে গত শনিবার তাদের মা মোস্তফা বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক মামলায় প্রায় আড়াই মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন দুই সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। গত শনিবার মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে তারা পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। পুলিশি পাহারায় হাতকড়া পরা অবস্থায় মাকে শেষ বিদায় জানানোর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জানাজা শেষে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়। মায়ের শোক কাটিয়ে ওঠার আগেই বাবার মৃত্যুর খবর তাদের পরিবারে শোকের ছায়া আরও ঘনীভূত করেছে।

রামু থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদুল ও ইসমাইল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আড়াই মাস আগে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করা হয়। সেই মামলায় জামিন পেলেও পরবর্তী সময়ে দক্ষিণ মিঠাছড়ি ও সর্বশেষ বিএনপি নেতা মাহিন চৌধুরীর দায়ের করা একটি মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।

এদিকে ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম তার স্বামীর নির্দোষ হওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তাকে অহেতুক মামলায় জড়িয়ে জেল খাটানো হচ্ছে। বাবা-মা দুজনই মারা গেলেন, অথচ সন্তান হিসেবে তাদের শেষ সেবাটুকুও করতে পারলেন না।’ পরিবারের পক্ষ থেকে বাবার জানাজায় অংশ নিতে আবারও তাদের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে