এমটিনিউজ২৪ ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে বলে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষর করা আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনমূলে পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাহারুল আলমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।
এতে আরো বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকিরকে নিয়োগ দেওয়া হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে এ পদে বসানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।