এমটিনিউজ২৪ ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে। আহত হয়েছেন হান্নান মাসউদের দুই সমর্থক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন।
হামলায় আহত এনসিপির দুই সমর্থককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয়পক্ষই সড়কের দুই পাশে আছে, যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হান্নান মাসউদ বলেন, আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।
এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।