বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৮:০৮

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্বাচিত প্রথম ১৩টি স্থান হলো...

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্বাচিত প্রথম ১৩টি স্থান হলো...

এমটিনিউজ২৪ ডেস্ক : পাইলট উদ্যোগের আওতায় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রথম ১৩টি উপজেলা নির্বাচিত করেছে সরকার। তার মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাও রয়েছে।

রাজবাড়ী-২ আসনের (পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী) এমপি মো. হারুন-অর-রশিদ এসব কথা জানান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন তিনি।

জানা গেছে, বর্তমান সরকারের আমলে পাইলট উদ্যোগের আওতায় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সুবিধাভোগীরা প্রথম মাসের জন্য সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে নগদ ২ হাজার ৫শ টাকা সহায়তা পাবেন। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি ওয়ার্ডের ৬ হাজার ৫০০ পরিবার কিউআর কোড সংবলিত ডিজিটাল স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন।

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্বাচিত প্রথম ১৩টি স্থান হলো- ঢাকার কড়াইল বস্তি এলাকা, রাজবাড়ীর পাংশা উপজেলার ৪ বা ৫নং ওয়ার্ড, চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪নং ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১ বা ২নং ওয়ার্ড, বান্দরবানের লামা উপজেলার ২ বা ৩নং ওয়ার্ড, খুলনার খালিশপুর উপজেলার ১০নং ওয়ার্ড, ভোলার চরফ্যাশন উপজেলার ১ বা ৪নং ওয়ার্ড, সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ বা ৬নং ওয়ার্ড, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ২ বা ৮নং ওয়ার্ড, নাটোরের লালপুর উপজেলার ১নং ওয়ার্ড, ঠাকুরগাঁও সদর উপজেলার ১ বা ২নং ওয়ার্ড এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ড।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুন  আরও বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাতে ফ্যামিলি কার্ডের বিষয়টি ছিলো। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে পাইলট উদ্যোগের আওতায় সরকার সারা বাংলাদেশের ৪৯২টি উপজেলার মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাকেও ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমার বিশ্বাস, গত ১৭ বছরের যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি হয়েছে; বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের আমলে এগুলো থেকে মুক্তি পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে