বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৬:৫৮

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারা দেশে প্রথম স্থান অর্জন যে স্কুলের

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারা দেশে প্রথম স্থান অর্জন যে স্কুলের

এমটিনিউজ২৪ ডেস্ক : জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারা দেশে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি অর্জন করেছে-যা শতভাগ সাফল্যের বিরল দৃষ্টান্ত। এর মধ্যে ৬৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছে। এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের ঘটনাও এটিই বলে জানা গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড-এর সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এটাই সেরা সাফল্য। অন্যান্য বোর্ডেও এক প্রতিষ্ঠান থেকে শতভাগ বৃত্তি ও এত সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তির নজির এখনও পাওয়া যায়নি।’

প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই আমাদের এগিয়ে নিয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

চিরিরবন্দর উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও বৃত্তিতে সাফল্য অর্জন করেছে। এর মধ্যে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১১০ জন অংশ নিয়ে ৬ জন ট্যালেন্টপুল ও ৮২ জন সাধারণ গ্রেডে বৃত্তি। মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২৭ জন অংশ নিয়ে ১ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি। সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১১০ জন অংশ নিয়ে ৩ জন ট্যালেন্টপুল ও ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রামাঞ্চলে মানসম্মত শিক্ষার প্রসার ও নিবিড় তত্ত্বাবধানের ফলেই চিরিরবন্দরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। স্থানীয়ভাবে এ অর্জনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে