বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১৮:১২

এবার যে সুখবর পে স্কেল বাস্তবায়ন ইস্যুতে

এবার যে সুখবর পে স্কেল বাস্তবায়ন ইস্যুতে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি কর্মচারীদের বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে আবারও আলোচনা সামনে এসেছে। এ বিষয়ে নতুন সরকারের অবস্থান তুলে ধরেছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জানান, পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে, তবে তা কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মচারী প্রতিনিধিরা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

অর্থ প্রতিমন্ত্রী বৈঠকে বলেন, সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো পাবেন, তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে তা বাস্তবায়নে সময় লাগবে। নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে জানান।

বৈঠক শেষে এম এ হান্নান বলেন, প্রতিমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, তাই ধাপে ধাপে তা কার্যকর হবে। তবে সবকিছু একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়, এজন্য কিছুটা সময় ও ধৈর্যের প্রয়োজন বলে জানান তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছরের ২১ জানুয়ারি তারা সুপারিশ জমা দেয়, যা বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে