বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪১:৩৯

সুখবর ভূমিসেবা নিয়ে, এবার যে নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

 সুখবর ভূমিসেবা নিয়ে, এবার যে নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

এমটিনিউজ২৪ ডেস্ক : ভূমি বার সরকার নির্ধারিত ফি স্পষ্টভাবে তুলে ধরতে ভূমি অফিসে দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে টাঙানোর জন্য নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

এসব ভূমিসেবা ফি দেশের সব উপজেলা, সার্কেল ভূমি অফিস, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে টাঙানোর জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এতে বলা হয়, ৪ ফুট × ২.৫ ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা প্রদর্শন করতে হবে।

নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত ও ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নামজারি ফি

নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি এক হাজার টাকা, প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা। সর্বমোট ফি এক হাজার ১৭০ টাকা।

খতিয়ানের ফি

সার্টিফায়েড কপি বা অনলাইন কপি ১২০ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে।

মৌজা ম্যাপের ফি

মৌজা ম্যাপের প্রতি সিটের জন্য ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল পরিশোধ করতে হবে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিককে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ জানানো যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে