এমটিনিউজ২৪ ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।’
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকা নান্দাইলে প্রেসক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি গত ১৭ বছর কীভাবে মন্ত্রণালয় চলেছে। যেভাবে পারা যায় সেইভাবে অনিয়ম ও দুর্নীতি করে পরিচালনা করা হয়েছে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। এখন সব চলবে নিয়মের ওপর। দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ ‘স্বাধীন গণমাধ্যম’ গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে প্রতিমন্ত্রীর এটি প্রথম সফর। নিজ এলাকায় পৌঁছানোর পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত উপস্থিত ছিলেন।
প্রটোকল শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে তিনি নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন।
এ সময় সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন ইয়াসের খান।
পরে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী।