শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৪:০২

এবার দূর হবে ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম, জানুন সুখবরটি

এবার দূর হবে ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম, জানুন সুখবরটি

এমটিনিউজ২৪ ডেস্ক : ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২(সদর) আসনের এমপি মিজানুর রহমান মিনু।  

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে যাতে কেউ হয়রানির শিকার না হয়। জনগণ যে ভোগান্তির শিকার হয়, চেষ্টা করছি একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে যাতে সেটা না হয়। সারাদেশের মানুষকে কীভাবে মুক্ত করা যায় সেই পরিকল্পনা নিচ্ছি। আমরা চিন্তা করছি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের।’

তিনি বলেন, ‘যার জমি, যার সমস্যা সে বলবে। ওখান থেকে আর তাকে পাঁচ-ছয়টা ধাপ দিতে হবে না। হয়রানি যেন না হয়। যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। সেটার দিকেই আমরা চেষ্টা করছি।’

মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমাদের মন্ত্রণালয় বিভিন্ন আইন দ্বারা পরিচালিত হয়। আইন অনুযায়ীই বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় সংশোধনী প্রয়োজন। সেগুলো সংশোধনী আকারে আমরা পার্লামেন্টে উত্থাপন করব।’ 

রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এই রাজশাহীকে আমরা সবাই মিলেই শান্তির শহর করেছিলাম। আমরা সবাই মিলেই আবার সেটা করব। এখানে কোনো দল-মত নেই। নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলে সবার। আমরা সবাই মিলেই রাজশাহীর উন্নয়ন করব।’

তিনি বলেন, রাজশাহীর মানুষের প্রত্যাশা কর্মসংস্থান। এ জন্য আইটি ও শিল্পায়ন নিয়ে কাজ করা হবে। এর আগে সকাল থেকে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী মিজানুর রহমান মিনু।

এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে