এমটিনিউজ২৪ ডেস্ক : সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেষ্টার মধ্যে বৃহস্পতিবার তার একদল সমর্থক দুর্নীতিবিরোধী কমিশনে (এসিসি) সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে।
প্রায় ২০-৩০ জনের একটি দল এসিসির অফিসের বাইরে সাকিবের নামে স্লোগান দেয়। পরে তারা ভেতরে প্রবেশ করে আসিফের বিরুদ্ধে তাদের লিখিত অভিযোগ গ্রহণের দাবি জানায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মকর্তারা তাদের অভিযোগ গ্রহণ করেন।
তবে সাকিব এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেনজিকে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি এইমাত্র সেহরির জন্য ঘুম থেকে উঠেছি। লক্ষ করেছি এ ঘটনা। জানি না, এসব কারা করছে। এর সঙ্গে আমি জড়িত নই। যে যেভাবে পারছে আমার নাম ব্যবহার করছে।’
সাকিব বর্তমানে তার পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তার ইচ্ছা, দেশের মাটিতে শেষবার খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।