এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের এসব কথা বলেন।
ভারতের হাইকমিশনার বলেন, ভারতের ঋণ সহায়তায় বাংলাদেশে বড় প্রকল্পগুলো চলমান রাখার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ভারতের উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে কিছু সমস্যা থাকলেও প্রকল্পগুলো ভালোভাবেই এগিয়ে নেয়ার বিষয়ে কথা হয়েছে।
সংযোগ বা যোগাযোগ ব্যবস্থার বিষয়ে প্রণয় ভার্মা বলেন, সমুদ্রপথ, স্থলপথ ও আকাশপথে যোগাযোগ আরও শক্তিশালী করা হলে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজ হবে। বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে রফতানি কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে। ভবিষ্যতে বন্দর ব্যবহারের বিষয়েও দুই দেশের মধ্যে আরও বিস্তারিত আলোচনা হবে।
তিনি বলেন, ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করাই দুই দেশের লক্ষ্য। নতুন চিন্তা, প্রযুক্তি এবং জনবান্ধব সহযোগিতার মাধ্যমে এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নেয়ার বিষয়ে উভয় দেশ কাজ করছে।
বৈঠক বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ভারতের স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।