এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদুল ফিতর সামনে রেখে দেশের চার লাখেরও বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য প্রতীক্ষিত সুখবর এসেছে।
সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন।
মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মাউশি জানিয়েছে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার আনুষ্ঠানিক প্রস্তাব ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবের চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক অনুমোদন পাওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ামাত্রই পরবর্তী প্রযুক্তিগত ধাপগুলো সম্পন্ন করবে মাউশি কর্তৃপক্ষ।
মাউশির অর্থ ও ক্রয় শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, পবিত্র ঈদের আগে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের হাতে বোনাসের অর্থ পৌঁছে দিতে তারা নিরলস কাজ করছেন।
মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে এলে আগামী বৃহস্পতিবার সেটি ‘আইবাস’ (iBAS++) সিস্টেমে পাঠানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আশা করছি, আগামী রোববার অথবা সোমবারের (১৬ মার্চ) মধ্যে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।