শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:৪০:০৩

‘ঈদ বোনাস’ নিয়ে বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য

‘ঈদ বোনাস’ নিয়ে বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চার লাখের কাছাকাছি শিক্ষক-কর্মচারী আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ বোনাস পেতে যাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী রোববার (১৫ মার্চ) থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা পৌঁছাতে পারে।

জানা গেছে, গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে অর্থ ছাড়ের জন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বর্তমানে অর্থ ছাড়ের প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেখান থেকে অর্থ ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা চলে যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার মোট তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা ছাড় করা হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমে জানান, শিক্ষকদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে আমরা সেটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছি। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় করতে হবে। এটা করতে এক কর্মদিবস লাগতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী রোববার থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাস পেতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে