রোস্তম আলী মন্ডল, বাসস (দিনাজপুর): কৈশোরে খেলার মাঠে বন্ধুদের সাথে খেলার সময় এক অজ্ঞাতনামা দরবেশ খালেদা খানম পুতুলকে ডেকে বলেছিলেন, ‘মা তুই একজন ভাগ্যবতী মেয়ে। দেখিস একদিন তুই রাজরানী হবি।’ এই কথা বলে দরবেশ সেদিন চলে গিয়েছিলেন। কিন্তু কিশোরী পুতুলের মনে রোপণ করেছিলেন জীবনের অমিত সম্ভাবনার বীজ।
একজন কিশোরী থেকে যৌবনে পদার্পণ করতে না করতেই তিনি জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন জিয়াউর রহমানকে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই তিনি রাজরানী হয়েছেন। খালেদা খানম পুতুল থেকে হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া।
সময়ের পরিক্রমায় তিনি রাজরানী থেকে রাজ্য পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তিনি হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের দু:সময়ে লড়াই সংগ্রাম করেছেন। জাতির ক্রান্তিলগ্নে দিশা দেখিয়েছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।