বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ০৯:৪৩:৪১

দেশের ৪ জেলায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা

দেশের ৪ জেলায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের ৪ জেলায় সকালের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহবৃষ্টি হতে পারে।
 
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
 
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
এর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে