বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ০৫:৫৫:৪৩

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বের কারণ জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন বিলম্বের কারণ জানালেন প্রতিমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে। সেটি আইন হিসেবে পাস হওয়ার পর নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

বুধবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচিত সরকার হিসেবে মনে করি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আমরা এটা করতে চাই। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে একটু সময় লাগছে।’

তিনি বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান করেছে। এই নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো। সেই প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে করার জন্য প্রস্তাবনা দিয়েছে। এই অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করেছেন আইনমন্ত্রী। এরপরে বিশেষ কমিটিতে আছে। জাতীয় সংসদ এই পাঁচটি অধ্যাদেশ পাস করার পরে আইন মন্ত্রণালয় হয়ে আমাদের মন্ত্রণালয়ে আসবে। তখন সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য দ্রুততম সময়ে আমরা ব্যবস্থা নেব।’

মীর শাহে আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে আমরা কতগুলো আইন আকারে পাস করব, সেটি একমাসের মধ্যেই আমাদেরকে করতে হবে। তাই ওই অধ্যাদেশগুলো একমাসের মধ্যে পাস হবে। তারপর কোন নির্বাচনটি কবে করব সে বিষয়ে সময় ঠিক হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত রাজনৈতিকভাবে সিটি করপোরেশন ও জেলা পরিষদে এবং উপজেলা পরিষদে যে প্রশাসকদের দায়িত্ব দেওয়া আছে, তারাই দায়িত্ব পালন করবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে