এমটিনিউজ২৪ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাস, কুয়েত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সম্ভাব্য ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির শুরু থেকেই কুয়েত সরকার দেশের আকাশসীমা বন্ধ রেখেছে। ফলে কুয়েত থেকে বহির্বিশ্বে এবং বহির্বিশ্ব থেকে কুয়েতে সকল ধরনের ফ্লাইট চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। এতে করে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
এ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে বাংলাদেশে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য দেশের মতো সৌদি আরবের নিকটবর্তী বিমানবন্দর ব্যবহার করার পরিকল্পনা নেয়া হয়েছে। বিশেষ করে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাইসুমা বিমানবন্দর থেকে কুয়েত-বাংলাদেশ রুটে ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ চলছে।
সেই লক্ষ্যে দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ-এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ইতোমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দাম্মাম থেকে ফ্লাইট পরিচালনার জন্য কুয়েত এয়ারওয়েজকে অনুমোদন প্রদান করেছে।
তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে সৌদি আরবে প্রবেশের জন্য ট্রানজিট ভিসা বা অনুমোদন পাওয়া। এই প্রক্রিয়া সহজ করতে দূতাবাস সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে জাজিরা এয়ারওয়েজ ইতোমধ্যে ১৭ মার্চ ২০২৬ থেকে সৌদি আরবের কাইসুমা বিমানবন্দর হয়ে শ্রীলংকা-কুয়েত এবং ২০ মার্চ থেকে ভারত-কুয়েত রুটে ফ্লাইট চালু করেছে। পাশাপাশি আগামী ২৯ মার্চ থেকে পাকিস্তানের লাহোর-কুয়েত রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
যাত্রীদের সুবিধার্থে জাজিরা এয়ারওয়েজ বিশেষ ব্যবস্থাও চালু করেছে। এর আওতায় কুয়েত থেকেই চেক-ইন সম্পন্ন করে যাত্রীদের বাসযোগে সৌদি আরব সীমান্তে নেওয়া হচ্ছে। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর একই ব্যবস্থাপনায় কাইসুমা বিমানবন্দর হয়ে নির্ধারিত ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেয়া হচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে একই ধরনের সেবা চালুর জন্য অন্যান্য এয়ারলাইন্সগুলোকেও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে খুব শিগগিরই কুয়েত-বাংলাদেশ রুটে ফ্লাইট কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
এছাড়া যেসব প্রবাসীর জরুরি প্রয়োজনে ভ্রমণ অপরিহার্য, তাদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় স্থলপথে সৌদি আরবে প্রবেশ করে গন্তব্যে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য দূতাবাস একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যা ১৮ মার্চ ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।