বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:০১:২৩

ঝড়-বৃষ্টির পূর্বাভাস যে ৭ জেলায়

ঝড়-বৃষ্টির পূর্বাভাস যে ৭ জেলায়

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতামূলক পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া ৭ জেলায় দুপুরের মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে পরবর্তী ১২০ ঘণ্টার সিনপটিক অবস্থায় দেখা যায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিভাগে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ এবং বৃহস্পতিবার সকাল ৬টায় তা বেড়ে ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও উল্লেখ করা হয় পূর্বাভাসে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে