বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১১:১৮:৩৩

৮০-ঊর্ধ্ব বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

৮০-ঊর্ধ্ব বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে উচ্ছেদ করা হয়েছে অবৈধ দোকানপাট ও স্থাপনা। মগবাজারে এই অভিযানের মুখে পড়ে মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুও হারান ৮০-ঊর্ধ্ব বৃদ্ধ নাঈমুদ্দিন। তবে অবশেষে স্থায়ী সহায়তা পাচ্ছেন সেই বৃদ্ধ।

বৃদ্ধের কাছে গিয়ে থমকে গেলেন ম্যাজিস্ট্রেট, বললেন, ‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে সময়ের আলোতে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

এর পরই নানা সংস্থা, সংগঠন এবং ব্যক্তির কাছ থেকে ওই বৃদ্ধকে সহযোগিতা করার প্রতিশ্রুতি আসতে থাকে। শুধু নানা ব্যক্তি বা সংগঠনই নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও বৃদ্ধ নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলতে চান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃদ্ধ নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং বৃদ্ধকে স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’কে।

এ ছাড়া বৃদ্ধ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলে একটি গণমাধ্যমকে জানিয়েছে আমরা বিএনপি পরিবার।

এর আগে গতকাল বুধবার ডিএমপির উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও মানবিক দিক বিবেচনায় নাঈমুদ্দিনের ছোট্ট জীবিকার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে