শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ০৪:৪৯:৪৭

ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য সামনে রেখে ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের পরিবর্তিত অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়।

রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক এই নতুন সময়সূচি মেনে কার্যক্রম পরিচালনা করবে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দরের পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও উপ-শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা নির্দেশনা বহাল রাখা হয়েছে।

এদিকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে দোকানপাট ও শপিং মলগুলোকে সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এবং বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে