বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৪:৪৫

কবে হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন চিফ হুইপ

কবে হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন চিফ হুইপ

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, গত দুই বছরে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। অনেক জনপ্রতিনিধি পলাতক ছিলেন এবং সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। এ অবস্থায় জনসেবা চালু রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়। বর্তমানে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

চিফ হুইপ বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই স্থানীয় সরকার পরিচালনা করবেন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষ যেন বিচার বিভাগে গিয়ে ন্যায্য বিচার পায়। সেই ন্যায্য বিচার পাওয়ার জন্য যা করা দরকার, আমরা তা এই আইনের মাধ্যমে করেছি।

চিফ হুইপ বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন, আমি বিএনপির প্রধানমন্ত্রী না, আমি বাংলাদেশের গণমানুষের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত ৪২ দিনে বাংলাদেশে একটিও ক্রসফায়ার হয়নি। কোনো রাজনীতিবিদের অসুবিধা হয়নি। আমরা তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু ৪২ দিনে যে কালচার আমরা সৃষ্টি করেছি- রমজানের সময় তিনি (প্রধানমন্ত্রী) বিরোধী দলের নেতার বাসায় ইফতারের দাওয়াত খেয়েছেন। নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলীয় নেতার বাড়িতে গিয়েছেন। 

এই কালচারটা আমরা শুরু করতে চাই। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি করি না। প্রতিহিংসার রাজনীতি আমরা বর্জন করেছি। ভয়ের রাজনীতি নেই, হিংসার রাজনীতি নেই এবং বিভাজনের রাজনীতি নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে