এমটিনিউজ২৪ ডেস্ক : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমের দুর্দশা নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ প্রদান করেন।
অতঃপর অসহায় গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসাসহ ঢাকায় একটি বাসায় বসবাসের ব্যবস্থা করা হয়।
এমতাবস্থায় গোলাপি বেগমের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে (১৭ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন– ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা।
এ দিকে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় গণমাধ্যমকে জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।