মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ০৮:০৮:১৬

টানা দরপতনের পর এবার বাড়ল স্বর্ণের দাম

টানা দরপতনের পর এবার বাড়ল স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা দরপতনের পর অবশেষে বিশ্ববাজারে কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। সোমবার দাম কমে গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছালেও, মাত্র এক দিনের ব্যবধানে মঙ্গলবার (৫ মে) দাম বাড়ার মধ্যদিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতু।

বিশ্ববাজারে তেলের দাম কিছুটা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, গতকাল সোমবার সোনার দাম কমে গত ৩১ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে আজ মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১১টা ৩৮ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.৮ শতাংশ বেড়ে ৪,৫৫৭.৭৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার জুনের ডেলিভারি অনুযায়ী ০.৮ শতাংশ বেড়ে ৪,৫৬৮.৫০ ডলারে কেনাবেচা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা চললেও তেলের বাজারে সাময়িক দরপতন স্বর্ণের দাম বৃদ্ধিতে সহায়তা করেছে। তবে দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতির শঙ্কা এবং উচ্চ সুদের হারের কারণে স্বর্ণের এই মূল্যবৃদ্ধি কতটা টেকসই হবে, তা নিয়ে সংশয় কাটছে না।
 
স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হলেও তেলের দাম কমায় সোনা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। মনে হচ্ছে বাজারের বিনিয়োগকারীরা এখন পরিস্থিতির সঙ্গে কিছুটা অভ্যস্ত হয়ে উঠেছেন।’

স্বর্ণের পাশাপাশি আজ বিশ্ববাজারে রুপা, প্ল্যাটিনাম এবং প্যালেডিয়ামের দামও ১.৩ থেকে ১.৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এখন সবার নজর চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান রিপোর্টের ওপর, যা স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ধারণ করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে