রবিবার, ১০ মে, ২০২৬, ০৮:৩৮:২৬

বেতন-ভাতা নিয়ে শিক্ষকদের জন্য সুখবর, অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বেতন-ভাতা নিয়ে শিক্ষকদের জন্য সুখবর, অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

এমটিনিউজ২৪ ডেস্ক : সুখবর, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ-সংক্রান্ত জিও জারি করা হয়েছে। চলতি সপ্তাহে তারা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনিক্যাল কোনো জটিলতা না হলে শিগগিরই শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পাবেন।

জানা গেছে, মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৭৩৬ জন ও কলেজের ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছে।

গত ২৮ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগে গত ২২ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বিল সাবমিটের নির্দেশ দেয়া হয়। ২৪ এপ্রিলের মধ্যে এ বিল সাবমিট করতে বলা হয়। সে অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা বিল সাবমিট করে। তবে এখনো তারা এপ্রিলের বেতন-ভাতা পাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে