রবিবার, ১০ মে, ২০২৬, ০৮:৪৫:৫২

কাল থেকে তেল ১৩০, চিনি ৮০ ও ডাল মিলবে ৭০ টাকা কেজিতে

কাল থেকে তেল ১৩০, চিনি ৮০ ও ডাল মিলবে ৭০ টাকা কেজিতে

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদুল আজহায় নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে আগামীকাল সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত ১০ দিনের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম শুরু হবে।

রোববার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

এতে বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬ টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে সর্বমোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ছাড়া) প্রতিদিন ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের কাছে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮.৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ১৩০ টাকা কেজি দরে ২ লিটার তেল, ৮০ টাকায় ১ কেজি চিনি ও ৭০ টাকা কেজি দরে মিলবে ২ কেজি মসুর ডাল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রায় ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে চলতি মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। তবে কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রি করা ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে